নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়টি সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার (১৯ মে) এ রুল দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালত একই সঙ্গে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। ওই রিটের প্রাথমিক শুনানির সময় আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে রুল জারি করেন। শুনানিতে একাধিক আইনজীবী অংশ নেন।

রিটকারীর পক্ষ থেকে যুক্তিতে বলা হয়, নীতিমালার মাধ্যমে রাস্তা ও ফুটপাত হকারদের জন্য বরাদ্দ দেওয়া সংবিধানসম্মত নয় এবং এটি নাগরিকদের স্বাভাবিক চলাচলের মৌলিক অধিকারে বাধা সৃষ্টি করছে।

এছাড়া সড়ক পরিবহন আইনের ৩৭ ধারা অনুযায়ী রাস্তার দুই পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখার বাধ্যবাধকতা থাকলেও প্রস্তাবিত নীতিমালায় তা লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

Share.
Exit mobile version