নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে এই আদেশ দেন।
আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির নির্বাচন আয়োজন করতে কোনো বাধা নেই।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ৬ মে ২০২৬ সালের সাধারণ পরিষদ গঠন ও পরিচালনা পরিষদ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা প্রশাসকদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।
ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবি জানিয়ে গত ১৮ মে হাইকোর্টে রিট আবেদন করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। অন্য রিটকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।
রিট খারিজের মধ্য দিয়ে বিসিবির আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি অনিশ্চয়তার অবসান ঘটল এবং নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের পথ সুগম হলো।

