নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, বাণিজ্য উত্তেজনা ও জলবায়ু ঝুঁকির মধ্যেও সরকার দেশকে একটি স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য এবং বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করতে কাজ করছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬: নেভিগেটিং রিস্কস, লেভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ আয়োজন করে।

মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধির ধীরগতিতে রফতানি বাজারে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী অর্থায়নকে কঠিন করে তুলছে।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকি ও বৈদেশিক ঋণের চাপ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে উন্নয়ন ব্যয় বাড়াচ্ছে। পাশাপাশি জ্বালানি সংকট উৎপাদন খরচ বাড়িয়ে প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে।

ড. খলিলুর রহমান জানান, সরকারের কৌশলগত অগ্রাধিকার হলো স্থিতিশীলতা, কাঠামোগত সংস্কার এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। এ লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক কূটনীতিকে পুনর্গঠন করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত, স্বচ্ছ এবং পূর্বানুমানযোগ্য গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার চালিয়ে যাচ্ছে।

Share.
Exit mobile version