শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হামলার ঘটনায় ইতোমধ্যে মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না।

মন্ত্রী আরও বলেন, মেডিকেল খাতে অনিয়ম, টেন্ডার ব্যবস্থাপনায় লুটপাট কিংবা সিন্ডিকেটের মাধ্যমে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে দেওয়া হবে না। হাসপাতালের ভেতরে সেবার পরিবেশ নষ্ট করে এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বড় সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র নিরাপত্তা কর্মী এবং একজন করে পেট্রন কমান্ডার নিয়োগ দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসক ও রোগীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য খাতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারের এই উদ্যোগকে চিকিৎসক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে, হাসপাতালগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

Share.
Exit mobile version