নিজস্ব সংবাদদাতা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ব্যস্ততা শুরু হয়।
প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাঁদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠানের মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন এবং আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।
প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের কার্যক্রমে যোগ দেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরসূচিতে তুরস্ক, ভুটান, হাইতি, ক্রোয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ডের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ মহাসচিবসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

