নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা, হস্তক্ষেপ বা হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। গণমাধ্যমের স্বাধীন, স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (১ জুন) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক এক ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা করা সংশ্লিষ্ট সব পক্ষের কর্তব্য।

জহির উদ্দিন স্বপন বলেন, টেলিভিশন ও লাইভ মিডিয়ার ক্ষেত্রে তথ্য বিকৃতির সুযোগ তুলনামূলক কম থাকে। সরাসরি সম্প্রচারের কারণে জনগণ দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পেয়ে থাকে, যা গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন অভিযোগ ও মামলা সামনে এলেও অকাট্য তথ্য-প্রমাণ ছাড়া কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য আরও সহায়ক ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

Share.
Exit mobile version