নিজস্ব প্রতিবেদক
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
খলিলুর রহমান বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাব।”
সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে। এ সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও কোনো স্পষ্টতা দেওয়া হয়নি।
পরিস্থিতির একপর্যায়ে জাহেদ উর রহমান দিল্লিতে না থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়, জাহেদ উর রহমানকে কিছু সময় জিজ্ঞাসাবাদের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। তবে তিনি সেই অনুমতি গ্রহণ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই সফর সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপরও রোববার সন্ধ্যায় বিমানবন্দরে তাকে প্রবেশে বাধার মুখে পড়তে হয়।
পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। সোমবার দুপুরে তিনি দেশে পৌঁছান।
ঘটনাটি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


