নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় সাধারণ মানুষের জানমাল এখন হুমকির মুখে পড়েছে।
ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার (২০ মে) দুপুরে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “এই ব্যর্থতার দায় সরকারও এড়াতে পারে না। পরিস্থিতির উন্নতিতে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।”
জামায়াতের এই শীর্ষ নেতা জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার মতে, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বানও জানান তিনি।


