নিজস্ব প্রতিবেদক
সারাদেশে পরিবহন, হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধে অপরাধীদের একটি ‘নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই সব অপরাধীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হবে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতিমধ্যেই মাঠ পর্যায়ে তালিকা তৈরির কাজ শুরু করেছে। যারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের নাম থাকলে র্যাবের ভূমিকা কী হবে—এমন প্রশ্নের জবাবে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী স্পষ্ট করে বলেন, “এই তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। যে অপরাধ করবে, তার বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
র্যাব জানায়, মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং বিভিন্ন বড় প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের মতো সব ধরনের অপরাধকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে ছোট-বড় সব স্তরের অপরাধীকে বিবেচনা করা হচ্ছে।
ঠিক কত দিনের মধ্যে এই তালিকা সম্পন্ন হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ না জানালেও র্যাবের এই কর্মকর্তা বলেন, “তদন্ত ও তালিকা তৈরির কাজ চলমান। তবে আজ (শনিবার) থেকেই মাঠ পর্যায়ে অভিযান শুরু হতে পারে। আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

