নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির সময় সংগৃহীত দেশের মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার মূল্য দেশের অভ্যন্তরীণ চাহিদার চেয়ে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর বেশি নির্ভরশীল।

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনীতি কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্ববাজারে অনেক ভোক্তা চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর ফলে আন্তর্জাতিক চামড়া বাজারে চাহিদা ও মূল্য উভয়ই প্রভাবিত হচ্ছে।

তিনি বলেন, “বিশ্ব এখন একটি পরিবারের মতো। কোথাও অর্থনৈতিক সংকট দেখা দিলে তার প্রভাব অন্য দেশেও পড়ে। বাংলাদেশে উৎপাদিত চামড়ার বড় অংশ রপ্তানি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম ও চাহিদা কমে গেলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।”

দেশের চামড়া শিল্পের সম্ভাবনা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, শিল্পটিকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। একই সঙ্গে নতুন রপ্তানি বাজার অনুসন্ধান ও সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লাসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version