বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর জন্য ২৮টি বিভাগে ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করেছে সরকার। মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশিষ্ট অভিনেত্রী শবনম (ঝর্ণা বসাক) ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যৌথভাবে এবং প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ (মরণোত্তর) ও আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যৌথভাবে আজীবন সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

এবারের আসরে সর্বাধিক সাফল্য অর্জন করেছে খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক—দুই বিভাগেই পুরস্কার পেয়েছে। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘মারিয়াম’ এবং সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’।

অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা এবং ‘সাঁতাও’-এ অভিনয়ের জন্য আইনুন নাহার পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

সেরা পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মনির আহমেদ। ‘ওরা সাত জন’ ছবিতে অভিনয়ের জন্য নাজিয়া হক অর্ষা পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আশীষ খন্দকার সেরা খল চরিত্রে এবং ‘সুড়ঙ্গ’-এ অভিনয়ের জন্য শহীদুজ্জামান সেলিম সেরা কৌতুক চরিত্রে অভিনয়ের পুরস্কার পেয়েছেন।

শিশুশিল্পী বিভাগে ‘আম-কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোহাম্মদ লিওন সেরা শিশুশিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান ও আনাইরা খান বিশেষ শিশুশিল্পী পুরস্কার অর্জন করেছেন।

সংগীত বিভাগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য ইমন চৌধুরী সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম সেরা পুরুষ কণ্ঠশিল্পী এবং ‘সুড়ঙ্গ’-এর ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য অবন্তী দেব সিথী সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন।

এছাড়া ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান হাবিব সেরা নৃত্য পরিচালক, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সোমেশ্বর অলি সেরা গীতিকার, প্রিন্স মাহমুদ সেরা সুরকার এবং ফারুক হোসেন সেরা কাহিনিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য মো. তাসনিমুল হাসান সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা সাত জন’-এর জন্য মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বাবু সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা যৌথভাবে সেরা সংলাপ রচয়িতা, শহিদুল ইসলাম সেরা শিল্প নির্দেশক এবং সুমন কুমার সরকার সেরা চিত্রগ্রাহক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য সুজন মাহমুদ সেরা শব্দগ্রাহক (সাউন্ড রেকর্ডিস্ট) এবং ‘সুড়ঙ্গ’-এর জন্য বিথী আফরিন সেরা পোশাক ও সেট ডিজাইনারের পুরস্কার পেয়েছেন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সবুজ সেরা মেকআপ শিল্পী নির্বাচিত হয়েছেন।

Share.
Exit mobile version