নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় লাবনী পয়েন্টে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কাজল এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউট-এর কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার ক্রিকেট বা ফুটবলের বাইরে সার্ফিংসহ অন্যান্য খেলাধুলার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, অনেক খেলোয়াড়কে ইতোমধ্যে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করলে সার্ফারদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি।
এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে দেশে সার্ফিং খেলাটি আরও জনপ্রিয় হবে।
পরে প্রতিমন্ত্রী কলাতলি এলাকায় সার্ফিং অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দকৃত জমিতে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

