মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অযথা আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট নগরের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থাও সচল আছে।

তিনি বলেন, “পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে, সুইচ চাপলে বিদ্যুৎ মিলছে, তাহলে সমস্যার কারণ কোথায়?”

সরকার পরিস্থিতি দায়িত্বশীলভাবে মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতেও দ্রব্যমূল্যের চাপ সফলভাবে সামাল দেওয়া হয়েছে, যেখানে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দাম বাড়ছে। বিশেষ করে সৌদি আরামকোর নির্ধারিত সিপি ও প্রিমিয়ামের ভিত্তিতে দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে।

তবে সরকার জনস্বার্থে মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। একইসঙ্গে সবাইকে সাশ্রয়ী ও সচেতনভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে আমদানি ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে।

Share.
Exit mobile version