বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জকে অর্থনীতি ও উন্নয়নের অগ্রকাতারে রাখতে সর্বস্তরের মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ। সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ আজ একীভূত হয়ে এই উৎসব উদযাপন করছি, যা আমাদের জাতিসত্তার শক্তিশালী বহিঃপ্রকাশ।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জেলায় নতুন বছরের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা প্রশাসক বলেন, বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে গ্রামীণ ও দেশীয় ঐতিহ্যের বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে মেলায় পান্তা-ভাত ও মাছসহ দেশীয় সংস্কৃতির নানা অনুষঙ্গ রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো আমরা যে একটি ঐক্যবদ্ধ জাতি এবং নারায়ণগঞ্জে আমাদের সবার শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে এবং সেই সত্যটি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে রায়হান কবির বলেন, “আমরা এই জেলাকে দেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রভাগে দেখতে চাই। সেই লক্ষ্য অর্জনে আজকের এই সম্মিলিত ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থান বছরের বাকি দিনগুলোতেও বজায় রাখতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারায়ণগঞ্জ যেমন বদলে যাবে, তেমনি বাংলাদেশও দ্রুত উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি।”

আয়োজনটি সফল করতে নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় দিনভর নানা সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ পণ্যের সমাহার লক্ষ্য করা গেছে।

Share.
Exit mobile version