নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শ্রমবাজারে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং শ্রমখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখও বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের অন্যতম বড় গন্তব্য কাতার হওয়ায় এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

