মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভোররাতে একটি বাসায় ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোরের আগে সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদের চোখ ও হাত বেঁধে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের অবস্থান জানতে চাইলে ভীতসন্ত্রস্ত পরিবারটি ঘরে থাকা প্রায় দুই লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার তুলে দিতে বাধ্য হয়।

ডাকাতরা ফজরের আজানের সময় ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব না হলেও দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share.
Exit mobile version