নিজস্ব প্রতিবেদক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।
অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয় ৩৩.৭০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২৭.২৭ শতাংশ ছিল।
পরিচালন ব্যয়ের অংশ কমিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে ব্যয় ছিল ৭২.৭৩ শতাংশ, যা আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামানোর প্রস্তাব করা হয়েছে।

