বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আসামীদের অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসাীমরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা তাদের পক্ষে শুনানি করেন।
শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই শামীম ওসমানসহ ১২ জনকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন প্রাথমিক কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তারা অব্যাহতি চান।
এসময় আইনজীবী আলী হায়দারের আবেদনের বিরোধিতা করে প্রসিকিউশন। শামীম ওসমানসহ অন্য আসামীদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন তারা।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে কথিত বলে উল্লেখ করা হয়েছে। ফরমাল চার্জের বাইরেও বিভিন্ন বিষয় যুক্ত করা হয়েছে। তাই এ আবেদনে আমাদের আপত্তি রয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৫ মে দিন ধার্য করেন।
এই মামলার অন্য আসামীরা হলেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, সাংবাদিক রাজু আহমেদ, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাবেক ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্র।
এরআগে ১৯ এপ্রিল প্রসিকিউশন এ মামলায় ৩টি অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই চাষাঢ়া ও সাইনবোর্ড এলাকায় ৬ জন, ২১ জুলাই ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় ২ জন এবং ৫ আগস্ট আরও ২ জনকে হত্যা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি এই মামলায় ১২ আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং একই দিন ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।

Share.
Exit mobile version