নিজস্ব সংবাদদাতা
আগামী পাঁচ বছরের মধ্যে সেচকাজে ব্যবহৃত ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তাজউদ্দীন খান জানতে চান, সেচকাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় ডিজেলচালিত পাম্প দিয়ে সেচকাজ পরিচালিত হয়, সেগুলো আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় নেওয়া হবে।
প্রধানমন্ত্রী এ সময় নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ কেন্দ্র ও বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণে সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বিবেচনায় আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০৩০ সাল পর্যন্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সোলার ও অ্যাগ্রিভোলটেইক্সসহ অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সৌরবিদ্যুৎ প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিভিন্ন শুল্ক ও কর অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহে বিশেষ প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকার ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, নেট মিটারিং গাইডলাইন, জাতীয় রুফটপ সোলার কর্মসূচি, অনশোর উইন্ড গাইডলাইনসহ বিভিন্ন নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন করেছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।
সৌরবিদ্যুতের ব্যাটারি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সৌরবিদ্যুৎ সংরক্ষণে লেড ও লিথিয়াম—দুই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়। লেড ব্যাটারিতে অ্যাসিড ব্যবহারের কারণে এটি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার লিথিয়াম ব্যাটারি ব্যবহারে উৎসাহ দিতে চায়।
ভবিষ্যতে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থায় লিথিয়াম ব্যাটারি বাধ্যতামূলক করার বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে তিনটি এবং সাতটি সম্পূরক প্রশ্নের জবাব দেন তিনি।

