নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড, বারপাড়া, কেওডালা অলিম্পিক বিস্কুটের গলি রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে বিপুল সংখ্যক আবাসিক সংযোগ, পাইপলাইন ও সরঞ্জামাদি অপসারণ করা হয়।
অভিযানে প্রথম স্পটে (জাঙ্গাল বাসস্ট্যান্ড) প্রায় এক হাজার ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, দ্বিতীয় স্পটে (কেওডালা) ৫শ’ এবং তৃতীয় স্পটে (মদনপুর বাসস্ট্যান্ড) ৩শ’ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি স্পটে অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে স্থায়ীভাবে কিলিং করা হয়েছে।
অভিযানে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

