বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

দেশে প্রতিদিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, সঙ্গে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয়, আর ঢাকায় শুরু হয় ১২ এপ্রিল।

গত শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২০ এপ্রিল থেকে সারা দেশে ব্যাপকভাবে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। তিনি বলেন, টিকার কোনো ঘাটতি নেই এবং এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ রোববার পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও ১৮১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version