নিজস্ব প্রতিবেদক

আগামী ১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দারা ই-হেলথ কার্ড সেবা পাবেন।

তিনি জানান, ই-হেলথ কার্ডকে ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে।

এ সময় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাইলট কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কৃষক কার্ডের প্রি-পাইলট পর্যায়ে ১০ জেলার ১১টি উপজেলার ২০ হাজার ৭৪৮ জন কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জার কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলছে। এসব খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯৬৫ কিলোমিটার।

আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি চালু করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভাষাশিক্ষা ভিসার বিপরীতে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

Share.
Exit mobile version