সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

আলোচিত ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
৭ খুন মামলার বাদিপক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনমন্ত্রী বলেছেন, সবার জন্য আইন সমান। সেই হিসেবে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত আপিল বিভাগে লিভ টু আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। এই রায় যদি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে যারা খুন-গুম করে তাদের জন্য এটি শিক্ষণীয় বিষয় হবে।
তিনি আরও বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। যেহেতু প্রশিক্ষিত বাহিনীর সদস্যদের দ্বারা এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. আব্দুল্লহ আল আমিন বলেন, বিগত সরকারের আমলে ৭ খুন ও ত্বকী হত্যার মতো চাঞ্চল্যকর মামলাগুলোর কোনো গতি ছিল না। বরং প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রটেকশন ছিল গডফাদারদের প্রতি। সুতরাং এখনকার গণতান্ত্রিক পরিবেশে ওই ধরনের পরিস্থিতির কোনো সুযোগ নেই। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এমপি আল আমিন আরও বলেন, আপিল বিভাগে মামলাটি ঝুলে আছে। আমরা চাই দ্রুত এই বিষয়টির নিষ্পত্তি হোক এবং রায় কার্যকর হোক। যাতে আমরা আইনজীবীরা স্বস্তি অনুভব করতে পারি এবং পরিবার দেখতে পারে যে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
জেলার সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এ কে এম ওমর ফারুক নয়নের সঞ্চালনায় মানববন্ধন উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

Share.
Exit mobile version