নিজস্ব প্রতিবেদক
সীমান্তে ভারতের অনবরত ‘পুশ-ব্যাক’ চেষ্টা, কাঁটাতারের বেড়া নির্মাণ, নো-ম্যানস ল্যান্ডে স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন।
সোমবার (১ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনব্যাপী এ সম্মেলন ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে অভিযান, সীমান্তে বাংলাদেশিদের পুশ-ব্যাকের অভিযোগ এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা, কাঁটাতারের বেড়া নির্মাণ, নো-ম্যানস ল্যান্ডে স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং সীমান্ত আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা এবারের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।
এ ছাড়া সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দুই বাহিনীর সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি সীমান্তের কয়েকটি এলাকায় অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময়ে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করার অভিযোগও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় সমন্বয় জোরদারের প্রেক্ষাপটে এবারের বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

