হারুন অর রশিদ
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিনই নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল প্রাঙ্গণে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘন ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। পাশের তিনতলা ভবনে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে মুহূর্তেই হুড়োহুড়ি শুরু হয়।
সোমবার (১৫ জুন) দুপুর একটার পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত বর্জ্যের অংশ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তাদের অভিযোগ, হাসপাতাল প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা অবস্থায় রয়েছে, যা নিয়মিত ঝুঁকি তৈরি করছে।
একজন রোগীর স্বজন বলেন, হাসপাতালের ভেতরে ও বাইরে ন্যূনতম পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। নোংরা পরিবেশে চিকিৎসা নিতে এসে রোগীরা আরও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, ১০০ শয্যার এই সরকারি হাসপাতালে সেবার মান প্রত্যাশিত নয়। ভাঙাচোরা অবকাঠামো, অপরিচ্ছন্ন টয়লেট এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা প্রায়ই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
তারা বলেন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষতি এড়ানো গেলেও হাসপাতাল ব্যবস্থাপনার গাফিলতি তদন্ত করা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার পূর্ণ তদন্ত এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবা ও পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

