বিনোদন ডেস্ক
আশির দশকে ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যাওয়া বলিউড অভিনেত্রী মন্দাকিনী। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার একটি ছবি ঘিরে বহু বছর ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। এবার সেই পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, দাউদের আমন্ত্রণে তিনি শারজাহ যাননি। একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। পরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দাউদের সঙ্গে তার ওই ছবি তোলা হয়। সেই সময় ছবিটি নিয়ে এতটা বিতর্ক তৈরি হবে, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান অভিনেত্রী।
অতীতের ঘটনা স্মরণ করে মন্দাকিনী বলেন, একজন শিল্পী হিসেবে তাকে অনেক মানুষের সঙ্গে দেখা করতে হয়। কে কী লিখল বা বলল, তার ওপর একজন শিল্পীর নিয়ন্ত্রণ থাকে না। ওই অনুষ্ঠানে অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং সেখানে কাউকে আলাদা করে বেছে নেওয়ার সুযোগ ছিল না। অনুষ্ঠানের পর তারা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন এবং সেখানেই ছবিটি তোলা হয়।
দাউদের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মন্দাকিনী স্পষ্ট করে বলেন, ‘না, দাউদ আমাকে আমন্ত্রণ জানাননি।’ ওই সময় ছবিটি এত বড় বিতর্কের কারণ হয়ে উঠবে, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান অভিনেত্রী।
ছবিটি প্রকাশ্যে আসার পর মন্দাকিনীর সঙ্গে দাউদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর দাবি, ওই বিতর্ক তার চলচ্চিত্র ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল। তিনি বলেন, ‘এই বিতর্ক আমার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি করেছে।’ পরে তিনি বুঝতে পারেন, এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিজস্ব একটি টিম প্রয়োজন ছিল। তবে সে সময় তিনি সব জায়গায় এই গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছিলেন বলেও জানান।
রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমার মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় অভিষেক হয় মন্দাকিনীর। সিনেমাটির সাফল্যে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি।
সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা স্মরণ করে মন্দাকিনী রাজ কাপুরের কাজের ধরন ও নির্দেশনার প্রশংসা করেন। তার ভাষ্য, রাজ কাপুরের কাজের ধরন এতটাই পরিশীলিত ছিল যে তাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকত না। পরিবারের একজন অভিভাবকের মতো তিনি নির্দেশনা দিতেন। ‘গঙ্গা’ চরিত্রটির গল্পের বিষয়বস্তু সংবেদনশীল হলেও পরিচ্ছন্ন নির্মাণের কারণে পর্দায় এর কোনো অশোভন প্রভাব পড়েনি বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
মন্দাকিনী তার ক্যারিয়ারে ষাটটিরও বেশি বলিউড সিনেমায় অভিনয় করেছেন। অনিল কাপুর, মিঠুন চক্রবর্তী ও গোবিন্দার মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

