নিজস্ব সংবাদদাতা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের এসডিজি মোমেন্ট ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’
এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক লক্ষ্যগুলো অর্জনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
জাতিসংঘের এবারের এসডিজি মোমেন্টের প্রতিপাদ্য ছিল ‘টুগেদার, উই ক্যান ডু ইট’। অনুষ্ঠানে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন দেশের উদ্যোগ, অংশীদারিত্ব ও সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

