স্পোর্টস ডেস্ক
টাইফুনের সতর্কতার কারণে জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার মিজু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে মহাদেশের অন্যতম বৃহৎ এই ক্রীড়া আসর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো উপস্থিত ছিলেন। আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজন। স্টেডিয়ামের কিছু অংশ দর্শকে পূর্ণ থাকলেও অন্য অংশে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি দেখা যায়।
এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) মহাপরিচালক হুসেইন আল-মুসল্লাম বলেন, এশিয়ান গেমসের মশাল স্থাপনের কারণে স্টেডিয়ামের একটি ব্লক খালি রাখতে হয়েছিল। সাংবাদিকদের তিনি বলেন, এটিও খালি আসনের একটি কারণ।
আল-মুসল্লাম জানান, উদ্বোধনী অনুষ্ঠানের ৭০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়েছিল। তবে এর আগে মিজু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানকে ‘হাউসফুল’ ঘোষণা করা হয়েছিল।
টাইফুনের প্রভাবের আশঙ্কাও দর্শক উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি। আল-মুসল্লাম বলেন, নাগোয়ার দিকে একটি টাইফুন এগিয়ে আসার সতর্কতা ছিল, যদিও শেষ মুহূর্তে সেটি গতিপথ পরিবর্তন করে।
অনুষ্ঠান চলাকালে নাগোয়ায় বৃষ্টি হয়নি। কয়েক দিন আগে গেমসের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখা দেওয়া ঝড়টি পরে টোকিও অঞ্চলে বেশি প্রভাব ফেলে।
রোববার টোকিওতে ভারী বৃষ্টি হয়েছে। সেখানে এশিয়ান গেমসের কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে সাঁতারও রয়েছে। অন্যদিকে রোববারের শেষভাগ ও সোমবার নাগোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

