নিজস্ব সংবাদদাতা
রাজধানীর হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর প্রায় ৩০ মিনিট পর, দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

