শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজভাবে জানানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এ আয়োজনের প্রথম দিনে স্থানীয় শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তাঁর কার্যালয় থেকে দেওয়া বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
সভায় সরকারি দপ্তরগুলোর কার্যক্রম, নাগরিকদের জন্য বিভিন্ন সেবা এবং এসব সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। একই সঙ্গে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের করণীয় ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি দপ্তরগুলোর কাজের পরিধি এবং সেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে প্রায়ই স্বচ্ছ ধারণার অভাব থাকে। শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণ প্রজন্মকে সরকারি সেবা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া জরুরি।
তিনি বলেন, এ লক্ষ্যেই শিক্ষার্থীদের সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সরকারি সেবা পাওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানাতে পারবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

