ঢাকা সংবাদদাতা
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় বর্ষবরণের আয়োজন ও কর্মসূচির বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
জানা যায়, গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় বাংলা নববর্ষ উদযাপনে বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
একইসঙ্গে সংগঠনের অভ্যন্তরীণ মতভেদ দূর করে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে সভায় জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু ও শায়রুল কবির খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

