নিজস্ব প্রতিবেদক
সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূর করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক–বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এই বছরের মধ্যেই দেশের প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে। কোনো শিক্ষার্থী যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, দেশের ৬৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ আয়োজন বিশ্বে একটি রেকর্ড হতে পারে। এখান থেকেই ভবিষ্যতের ক্রীড়া তারকা তৈরি হবে।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিশুদের জন্য নিরাপদ ও খেলাধুলাবান্ধব পরিবেশ তৈরি করছি। লক্ষ্য হলো, তারা যেন ছোটবেলা থেকেই খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “আমাদের পরিকল্পনা অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না, কোনো শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। আমরা শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে চাই।”
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বইভর্তি ভারী ব্যাগের চাপ কমিয়ে আনন্দঘন ও প্রতিযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

