নিজস্ব সংবাদদাতা
সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যম বা সাংবাদিকদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থানে আসার পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গণতন্ত্রের বর্তমান পর্যায়েও সংবাদমাধ্যম সমান কৃতিত্বের দাবিদার বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, সংবাদমাধ্যমের ভূমিকার কারণেই বাংলাদেশ আজ যে অবস্থানে রয়েছে এবং গণতন্ত্র যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে সংবাদমাধ্যমেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিশ্বাস ধারণ করেন। সবাই মিলে কাজ করলে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ও সোনার বাংলাদেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

