বিনোদন ডেস্ক
বাংলা সিনেমাপ্রেমীদের কাছে স্মরণীয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। মুক্তির ২৮ বছর পর নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে আধুনিক সময়ের প্রেক্ষাপটে নতুন রূপে ফিরছে সিনেমাটি। নতুন সংস্করণের নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছেন রাদিফা। ‘আবার হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।
পুরোনো সিনেমাটির গল্পের আবেগ ধরে রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন প্রজন্মের দর্শকদের কাছে পরিচিত গল্প ও আবেগকে নতুনভাবে তুলে ধরাই এই নির্মাণের অন্যতম লক্ষ্য।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার বড় একটি কারণ ছিল এর গান। নচিকেতা চক্রবর্তীর সংগীত পরিচালনায় সিনেমাটির গানগুলো দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সংস্করণেও সেই আবহ ধরে রাখতে পুরোনো ছয়টি গানের মধ্যে তিনটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথা বিবেচনায় নিয়ে যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।
১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর নতুন জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও সেই ধারাবাহিকতায় দুই নবীন অভিনয়শিল্পীকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়া হয়েছে। নতুন জুটি আরিয়ান ও রাদিফাকে ঘিরেই নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আরিয়ান ও রাদিফার পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

