বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

নগরীর ক্লিনিকগুলোতে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নারায়ণগঞ্জবাসী। অভিযোগ রয়েছে, কিছু অসাধু চিকিৎসক বিভিন্ন টেস্টের নামে কমিশন বাণিজ্যে জড়িত। এ ছাড়া চিকিৎসাসেবার পরিবেশও নাজুক। দীর্ঘদিনের এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ গতকাল কয়েকটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় নানা অনিয়মের দায়ে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।

অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্যতালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, যথাযথ জীবাণুমুক্তকরণের অভাব, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, সেবার মূল্যতালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Share.
Exit mobile version