নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। তেল আমদানির উৎসগুলোতে যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে।
তিনি বলেন, এসব পরিস্থিতির মধ্যে সরকার দীর্ঘ ছয় মাস জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বিকল্প না থাকায় সরকারকে দাম সমন্বয় করতে হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংকট কেটে জ্বালানি বাজার স্থিতিশীল হলে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সরকারও দ্রুত দেশের বাজারে দাম সমন্বয়ের চেষ্টা করবে।
মতবিনিময় সভায় মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

