নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। চলতি মৌসুমে নিরাপদ ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে আগামী ২২ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাগান থেকে সংগ্রহ করতে পারবেন চাষিরা।
রোববার (১০ মে) বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, এ বছর জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ টন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। উন্নত জাতের আমের মধ্যে ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন থেকে নাক ফজলি এবং ১০ জুন থেকে ল্যাংড়া ও হাঁড়িভাঙা আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা আম এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম বাজারজাত করা যাবে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, অপরিপক্ব আম বাজারজাতকরণ ঠেকাতে প্রতি বছরের মতো এবারও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে কোনো বাগানের আম আগে পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তা সংগ্রহ করা যাবে।
অধিক মুনাফার আশায় নির্ধারিত সময়ের আগে আম না নামানোর জন্য চাষি ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নওগাঁর আমের সুনাম বজায় রাখতে বাগান ও বাজারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হবে বলেও সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোসনে আরা মন্ডলসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, আমচাষি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

