জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তব্যকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে আয়োজিত অনুষ্ঠানে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী, সরকারি তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা চলছিল। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয়পক্ষকে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে সংঘর্ষ থেমে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত নন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

