নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্ট কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর চন্দ্র মণ্ডল (৩০) ও কাউছার (৩৪)। তাদের মধ্যে বাবুল সাহা জীবন ও কাউছার পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, নিহত সাখাওয়াত হোসেন শুভ্র ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার প্লাজি ফ্যাশন গার্মেন্টের কর্মকর্তা ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ১৫ আগস্ট বাবুল সাহা জীবন মোবাইল ফোনে কল করে শুভ্রকে ফতুল্লার মাসদাইর এলাকার ‘মায়ের আঁচল’ নামে একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের সপ্তম তলায় ডেকে নেন। সেখানে জীবন তার সহযোগীদের নিয়ে শুভ্রর মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করেন।
পরে শুভ্রর মরদেহ শহরের খানপুর হাসপাতালে ফেলে রেখে আসামিরা পালিয়ে যান বলে মামলার বিবরণে বলা হয়েছে।

