নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহ এবং স্বামীর কথিত পরকীয়াজনিত বিরোধকে ঘটনার পেছনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় এলাকার চানাচুর কারখানা-সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জাহাঙ্গীর আলম জনি (৪২)। এ ঘটনায় আটক হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, পারিবারিক বিরোধ ও স্বামীর কথিত পরকীয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

