বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে তাদের ঐতিহ্যবাহী বৈসাবি-বিজু উৎসব। পার্বত্য চট্টগ্রাম থেকে আগত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। রোববার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয় যা উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবি চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈসু—এই ৩টি উৎসবের সম্মিলিত রূপ। নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানাতেই এ উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, জীবিকার তাগিদে নারায়ণগঞ্জের কাঁচপুরসহ এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তারা। পহেলা বৈশাখে সীমিত ছুটি থাকায় নিজ নিজ এলাকায় গিয়ে উৎসব উদযাপন করা সম্ভব হয় না। তাই এবার প্রথমবারের মতো নারায়ণগঞ্জেই ছোট পরিসরে হলেও বিজু উৎসব পালন করতে পেরে তারা আনন্দিত।
আয়োজক কমিটির উপদেষ্টা সুমিত বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে কর্মরত যেসব পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে বাড়ি যেতে পারেন না তাদের কথা বিবেচনা করেই এই আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এ উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রশাসনসহ সকলের সহযোগিতা পেয়েছি। নতুন বছর সবার জন্য শুভ ও সুন্দর হোক এই প্রত্যাশা করি। এদিকে স্থানীয়রাও প্রথমবারের মতো পাহাড়ি জনগোষ্ঠীর এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করে সন্তোষ প্রকাশ করেছেন।

Share.
Exit mobile version