নিজস্ব প্রতিবেদক
আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে এসব নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।
স্থানীয় সরকারমন্ত্রী জানান, নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এ কারণে প্রয়োজনীয় অর্থ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নতুন অর্থবছর শুরু হলে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে। নির্বাচনগুলোর চূড়ান্ত তফসিল ঘোষণার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

