বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন।

সানি বলেন, “৩১ দফা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা। এটি কেবল রাজনৈতিক লক্ষ্য নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার একটি দায়িত্বশীল পদক্ষেপ।”

তিনি আরও জানান, “১৭ বছরের আন্দোলনের অভিজ্ঞতায় গড়ে ওঠা এই ৩১ দফা সরকারের বিভিন্ন শাখায় স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা আনার লক্ষ্য নিয়ে তৈরি। এছাড়া দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করাও এ কর্মসূচির মূল উদ্দেশ্য।”

লিফলেট বিতরণের প্রসঙ্গে সানি বলেন, “জনগণকে সচেতন করা এবং তাদের মধ্যে অংশগ্রহণের মনোভাব জাগ্রত করা এই কর্মসূচির মূল লক্ষ্য। আমরা চাই সাধারণ মানুষ বুঝুক, কিভাবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।”

সানি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে প্রশাসন, বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা এবং ভারসাম্য ফিরে আসবে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নের ক্ষেত্রে এতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষত বেকারত্ব কমাতে যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রটি গুরুত্ব বহন করবে।”

তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “আপনাদের সক্রিয় ভূমিকা ছাড়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব, যেখানে নাগরিকরা তাদের অধিকার সুরক্ষিতভাবে ভোগ করতে পারবে।”

লিফলেট বিতরণ ও জনসচেতনতা কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা জাসাস এবং মহানগর জাসাস‑যুবদল‑ছাত্রদলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version