মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (০৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এবং তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।

এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং নির্ধারিত প্রতিপাদ্য ব্যাংকগুলোর সব কর্মসূচিতে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

Share.
Exit mobile version