নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের ‘শ্রমিক’ হিসেবে অভিহিত করার বিষয়ে আপত্তি জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তাদের জন্য সম্মানজনক সম্বোধন নির্ধারণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ দিনে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী উত্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের সবাই শ্রমিক নন; অনেকেই বিভিন্ন দেশে উচ্চপদে দায়িত্ব পালন করছেন। তাই ‘শ্রমিক’ শব্দটি এককভাবে ব্যবহার করা যথাযথ নয়।
তিনি বলেন, “আমরা তাদের শ্রমিক বলি, তবে আমি শ্রমিক বলতে নারাজ। শ্রমিক রপ্তানি বলা উচিত নয়, কারণ মানুষ রপ্তানি করা হয় না।”
প্রবাসীদের ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করে তিনি তাদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানজনক স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠন করা যেতে পারে। প্রয়োজন হলে যেসব দেশে সমস্যা বেশি, সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত।
ডা. শফিকুর রহমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনজনিত জটিলতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তথ্যের সামান্য অসামঞ্জস্যের কারণে অনেক প্রবাসী পাসপোর্ট নবায়নে সমস্যায় পড়ছেন এবং অনেকে আইনি জটিলতায় জড়াচ্ছেন।
তিনি এনআইডি ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যার দ্রুত ও সহজ সমাধানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে প্রবাসীরা বিদেশ থেকেই এসব জটিলতা নিরসন করতে পারেন।
প্রবাসীদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি তাদের কল্যাণে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


