জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেবাটিতে সমস্যার কারণে দৈনন্দিন কাজ ও পড়াশোনায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী জানিয়েছেন।
চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ কেউ রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি না থাকায় দ্রুত উত্তর, তথ্য খোঁজা কিংবা লেখালেখির কাজে এবার নিজেদের ওপরই নির্ভর করতে হবে।
তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছিল।
এ বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটিতেই সীমাবদ্ধ নেই। এআইভিত্তিক বিভিন্ন ফিচারের জন্য ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল কিছু ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও এর প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

