নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে আনা এক যুবককে অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় জিম্মিদশা থেকে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি এক অপহরণকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঘারমোড়া এলাকার ইমান শরীফের একটি নির্জন আমবাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা অপহৃতের চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং সাহাদাত (২৮) নামে এক অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তবে চক্রের অন্য দুই সদস্য কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাকিল (২৫) ভোলা জেলার দৌলতখান উপজেলার আহাম্মদপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে গ্রেপ্তারকৃত সাহাদাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে সাহাদাত তাঁকে জাহাজে ওয়েল্ডিংয়ের ভালো কাজের আশ্বাস দিয়ে বন্দরে আসতে বলেন। সেই আশায় শাকিল বুধবার সকালে বন্দরে পৌঁছালে সাহাদাত, রাব্বি ও আক্তার নামের তিন ব্যক্তি তাঁকে জোরপূর্বক জিম্মি করে পাশের নির্জন আমবাগানে নিয়ে যায়। সেখানে তাঁকে ব্যাপক মারধর করে তাঁর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়।
জনতার হাতে আটক সাহাদাতকে প্রাথমিক চিকিৎসার পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শাকিল বাদী হয়ে আটক সাহাদাতসহ পলাতক রাব্বি ও আক্তারের বিরুদ্ধে বন্দর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তার করতে এবং এলাকায় অপরাধমূলক তৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।


