নিজস্ব প্রতিবেদক

যানজট নিরসনে রাজধানীর প্রধান চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার যানজট কমাতে ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে সরিয়ে নেওয়া হবে। গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরিত হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে।

হাসান শিপলু জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টারগুলোও দ্রুত অপসারণ করে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থায় এআই ক্যামেরা স্থাপনের ফলে পাওয়া সুফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version