বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান বরাবরই ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ভারসাম্যকে গুরুত্ব দিয়ে চলেন। অভিজাত পতৌদি পরিবারের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই রাজকীয় পরিবেশে বেড়ে ওঠা এই অভিনেতা এখন পরিবারকেই জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করেন। বিশেষ করে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ের পর তার জীবনদর্শনে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৫ মে) মুক্তি পেয়েছে সাইফ আলি খান অভিনীত নতুন সিরিজ ‘কর্তব্য’। সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ কর্মজীবনে কাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। তবে পরিবার ও ব্যক্তিগত সময়কে উপেক্ষা করে সফলতা ধরে রাখার পক্ষে নন তিনি। সেই কারণেই এখন রাত ১১টার পর বাইরে থাকা বা অতিরিক্ত সময় শুটিং করা এড়িয়ে চলেন অভিনেতা।

সাইফ আলি খান বলেন, কর্মজীবন অনেকটা পর্বতারোহনের মতো। আর তার কাছে বাড়ি হলো ‘বেসক্যাম্প’, যেখানে ফিরে এসে বিশ্রাম নেওয়া যায় এবং মানসিক শান্তি পাওয়া যায়। তিনি মনে করেন, জীবনের সবটুকু সময় শুধু কাজের পেছনে ব্যয় করলে একসময় ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যেতে পারে।

অভিনেতার ভাষায়, আগে তার মধ্যে এমন ভাবনা খুব বেশি ছিল না। কিন্তু কারিনা কাপুরকে বিয়ে এবং দুই সন্তানের বাবা হওয়ার পর জীবনকে অন্যভাবে দেখতে শুরু করেন তিনি। এখন পরিবারের সঙ্গে সময় কাটানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই বলিউড তারকা।

শুটিং নিয়েও নিজের কিছু নির্দিষ্ট নিয়মের কথা জানিয়েছেন সাইফ। তিনি বলেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা শুটিংয়ের সংস্কৃতি তার কাছে অযৌক্তিক মনে হয়। কারণ শুটিং শেষ হওয়ার পর সব গুছিয়ে বাড়ি ফিরতে প্রায় রাত ১১টা বেজে যায়। এমন ব্যস্ত ও ক্লান্তিকর জীবন তিনি আর চান না বলেও স্পষ্ট জানিয়েছেন অভিনেতা।

বলিউডে বেছে বেছে কাজ করার জন্যও পরিচিত সাইফ আলি খান। ব্যক্তিগত শান্তি ও পারিবারিক জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাকেই তিনি এখন বেশি গুরুত্ব দেন। তার মতে, শুধুমাত্র জনপ্রিয়তা বা ব্যস্ততার জন্য নিজের ব্যক্তিগত জীবনকে হারিয়ে ফেলা উচিত নয়।

পতৌদি পরিবারের নবাব হিসেবে পরিচিত হলেও বাস্তব জীবনে এখন অনেক বেশি পারিবারিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছেন সাইফ আলি খান। পরিবারকে সময় দেওয়া এবং কাজের চাপ কমিয়ে জীবন উপভোগ করার এই দর্শন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে।

Share.
Exit mobile version