মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় সাড়ে ১৩ হাজার লিটার ডিজেলসহ ২টি ট্যাংকলরি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ জন কর্মচারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জস্থ বার্মাস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বার্মাস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা মজুদকৃত প্রায় ১৩ হাজার ৫শ’ লিটার ডিজেলসহ ২টি ট্যাংকলরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের ২টি মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। জব্দকৃত ট্যাংকলরি ২টি সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ট্যাংকলরিগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২টি ট্যাংকলরি (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ ও পিরোজপুর-ঢ-৪১-০০৪৮) জব্দ করা হয়। এসব লরিতে আনুমানিক ১৩ হাজার ৫শ’ লিটার ডিজেল মজুদ ছিলো। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version